বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নানা কর্মসূচিতে তারেক রহমান
- পোষ্ট টাইম : 2026-09-01 14:37:21
- 3847 বার পঠিত
রামগঞ্জ প্রতিনিধিঃ মোঃ আব্দুর রহিম মিজান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, উত্থান-পতন ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দলটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টার দিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ায় অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও স্থানীয় ইউনিটগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি। পাশাপাশি সারাদেশের দলীয় ইউনিটগুলোকে স্থানীয়ভাবে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্রের জন্য দলের রাজনৈতিক ভূমিকা এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যয়ের কথা উল্লেখ করেন।
বিএনপির নেতাকর্মীদের মতে, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক লক্ষ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে দলটির নেতাকর্মীরা।
