যশোরের ফেন্সি মার্কেটে আগুন, তিন দোকান পুড়ে ব্যাপক ক্ষতি
- পোষ্ট টাইম : 2026-07-05 19:36:00
- 8188 বার পঠিত
যশোর শহরের ঐতিহ্যবাহী বড়বাজার এলাকার ফেন্সি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কেটের একটি কসমেটিকসের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো মার্কেটজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা দ্রুত দোকান ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
অগ্নিকাণ্ডে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেনের দোকান, স্বর্ণালংকারের প্রতিষ্ঠান সিটি গোল্ড-এর মালিক পারভেজ শেখের দোকান এবং সুতা-বরশির ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা বিপুল পরিমাণ পণ্যও আগুনে ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফলে আগুন আশপাশের আরও দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
