বাগআঁচড়ায় পরকীয়া সম্পর্কের জেরে যুবক হত্যা, গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার
- পোষ্ট টাইম : 2026-05-10 13:29:47
- 5941 বার পঠিত
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ইক্রামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকার এক মাস পাঁচদিন পর শনিবার সন্ধ্যায় একটি গোয়ালঘরের মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
নিহত ইক্রামুল কবির পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর পূর্বপাড়া এলাকার আল ফুয়াদের স্ত্রী মুন্নী বেগমের সঙ্গে ইক্রামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে ইক্রামুল পাওনা টাকা আনতে মুন্নীর বাড়িতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মুন্নীর স্বামী আল ফুয়াদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার বসতপুর গ্রামে অভিযান চালায়।
অভিযুক্তদের বাড়ির গোয়ালঘরের মেঝে খনন করে মাটিচাপা অবস্থায় ইক্রামুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। দীর্ঘদিন পর মাটির নিচ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্ক ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ইক্রামুলকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আল ফুয়াদ ও তার স্ত্রী মুন্নী বেগমকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
