চোরাইপথে দেশে ফেরার সময় বিএসএফের গুলিতে যুবক আহত, যশোর হাসপাতালে ভর্তি
- পোষ্ট টাইম : 2026-05-13 18:49:12
- 4950 বার পঠিত
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার এক যুবক ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই যুবকের নাম বৈষ্ণব বিহারী মণ্ডল। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন বৈষ্ণব বিহারী জানান, প্রায় তিন সপ্তাহ আগে শারীরিক সমস্যার কারণে তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে কিছুদিন অবস্থান শেষে মঙ্গলবার রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেন তিনি। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সঙ্গে থাকা অন্যরা তাকে দ্রুত সীমান্ত এলাকা থেকে সরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করেন।
বর্তমানে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে তার চিকিৎসা চলছে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে সীমান্ত এলাকায় এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি মহেশপুর থানার পুলিশ কর্মকর্তারা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
