রামগঞ্জে পপুলার সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেড’র মানবিক সহায়তাঃ চিকিৎসা অনুদান পেলেন নূর আলম
- পোষ্ট টাইম : 2026-07-25 17:25:43
- 1156 বার পঠিত
রামগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুর রহিম
লক্ষ্মীপুরের রামগঞ্জে পপুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই, ২০২৬) সকাল ১১টায় রামগঞ্জস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই অনুদান তুলে দেওয়া হয়। আর্থিক অনুদান প্রাপ্ত মোঃ নূর আলম রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর গ্রামের মুনছুর আলী ব্যাপারী বাড়ীর বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড রামগঞ্জ শাখার ম্যানেজার ফয়সাল আহম্মেদ উপস্থিত থেকে ভুক্তভোগী নূর আলমের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন। অনুদান প্রদানকালে পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ম্যানেজার ফয়সাল আহম্মেদ বলেন, "পপুলার ফাউন্ডেশন সব সময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। একজন পক্ষাঘাতগ্রস্ত বা জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা খরচ চালানো বর্তমান সময়ে খুবই কষ্টসাধ্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাঁর চিকিৎসায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের উদ্যোগ সার্থক হবে।
আগামীতেও আমাদের এই মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে।"অনুদান গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে নূর আলমের পরিবার পপুলার ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
