সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী অমিত
- পোষ্ট টাইম : 2026-07-04 18:58:57
- 9294 বার পঠিত
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য পরিস্থিতি অনুকূলে থাকলে দেশে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বৈশ্বিক বাজারে মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই সরকার এলপিজি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও কমাতে সহায়ক হবে।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয় এবং এর পুরো সরবরাহ ব্যবস্থাই বেসরকারি খাতনির্ভর। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়েছিল। ফলে বিশেষ করে গৃহস্থালির রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলো অতিরিক্ত ব্যয়ের চাপের মুখে পড়ে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য কমতে শুরু করায় সরকার দ্রুত সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও বৈশ্বিক বাজারে ইতিবাচক পরিবর্তন হলে পর্যায়ক্রমে জ্বালানির দাম আরও কমানোর চেষ্টা করা হবে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং লোডশেডিং নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলমান গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোথাও বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ উঠলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণ কেন্দ্র চালু করা হয়েছে। গ্রাহকদের সেখানেই অভিযোগ জানিয়ে দ্রুত সমাধান নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সোনালী ব্যাংকের যশোর জেনারেল ম্যানেজার'স অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে।
সোনালী ব্যাংক যশোর অঞ্চলের মহাব্যবস্থাপক ইকবাল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংকের করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
